ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মালপত্র সরানোর কাজ আজ থেকে শুরু হচ্ছে।ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিম প্রথম আলোকে বলেন, বাড়ির সব মালামাল ক্যান্টনমেন্ট বোর্ডের জিম্মায় আছে। আজ থেকে খালেদা জিয়ার পরিবারের লোকজনের এসব মালামাল সরিয়ে নেওয়ার কথা রয়েছে।সূত্র জানায়, গত ১৩ নভেম্বর ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে যাওয়ার পরের দিন সকালে খালেদা জিয়ার গৃহকর্মী ইউনুসসহ তিনজন বাড়ির মালামাল গণনা করেন। তাঁরা এর একটি তালিকাও তৈরি করেন। ১৮টি শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র, ৪৮টি সোফা, পাঁচটি ফ্রিজ, ছয়টি টিভি, ২৪টি কার্টনে ভরে রাখা জিনিসপত্রসহ সবকিছু এ তালিকায় রয়েছে। তালিকা ধরে ধরে এসব মালামাল বুঝিয়ে দেওয়া হবে।ইউএনবি জানায়, খালেদা জিয়ার আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেছেন, চেয়ারপারসন বা তাঁর কোনো প্রতিনিধির উপস্থিতি ছাড়াই সেনানিবাসের বাড়ি থেকে মালপত্র সরানো হচ্ছে।