খালেদার রাষ্ট্রদ্রোহের মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার রুলসহ এ আদেশ দেন।
ওই মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও জাকির হোসেন ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। পরে মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
জাকির হোসেন ভূইয়া বলেন, এই মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য ১০ এপ্রিল বিচারিক আদালতে দিন ধার্য রয়েছে। ওই মামলায় খালেদা জিয়া নিম্ন আদালত থেকে জামিন নিয়েছেন ও জামিনে আছেন।
আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত বছরের ২৫ জানুয়ারি পিটিশন মামলা করেন।