খালেদার রাষ্ট্রীয় প্রটোকল প্রত্যাহারের অভিযোগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা হিসেবে যে রাষ্ট্রীয় প্রটোকল পেয়ে থাকেন তা প্রত্যাহার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলেছে, বিএনপির চেয়ারপারসনের প্রটোকল সরানো হয়নি, নিরপত্তা বাড়ানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার সরকারি প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। রাতে তিনি এক বিবৃতিতে প্রটোকল ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিরোধী দলীয় নেতার প্রটোকল সরিয়ে নেওয়া বা প্রত্যাহার করা হয়নি।
তবে পুলিশ জানিয়েছে, খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দীন আহমেদ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে করে জানান, কাল রোববার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই এ ঘটনা ঘটল।
বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া সরকারি প্রটোকলের আওতায় গাড়ি ও নিরাপত্তাসহ আনুসঙ্গিক কিছু সুবিধা পেয়ে থাকেন।