সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনটি প্রয়োজনীয় আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিএনপির চেয়ারপারসনের পক্ষে এ আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে আবেদন করা হয়।সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, আবেদনকারীর (খালেদা জিয়া) আইনজীবী মাহবুবউদ্দিন বক্তব্য দিয়ে জানিয়েছেন, আবেদনকারীর এ আদালতের প্রতি আস্থা নেই। যদিও এমন বক্তব্য নজিরবিহীন। তাই প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো। শুরুতে শুনানি মুলতবি ও ঘটনা বর্ণনা করে আদেশে বলা হয়, গত বছরের ২৭ মে এ বিষয়ে (বাড়ি ছাড়ার নোটিশ) তিন মাসের স্থগিতাদেশ ও রুল জারি করা হয়। একই বছরের ২৩ জুলাই রুল শুনানির জন্য প্রস্তুত হয়। ওই বছরের ২৩ আগস্ট স্থগিতাদেশের মেয়াদ চার মাসের জন্য বৃদ্ধি করা হয়। ছয় মাসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয় ২০০৯ সালের ১৪ ডিসেম্বর। এ বছর পর্যায়ক্রমে ১৫ ফেব্রুয়ারি, ১ মার্চ, ৮ মার্চ, ১১ ও ১৫ মার্চ শুনানির জন্য আবেদনকারীর আইনজীবীরা সময় চান। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট দায়ের করলে গত ২৭ মে আদালত সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। গত ১১ মার্চ আদালত শেষবারের মতো সময় দেওয়ার কথা উল্লেখ করে ১৮ মার্চ শুনানির দিন ধার্য করেন। এ রুলের ওপর গতকাল দুপুরে চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল। গতকালের শুনানি: শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন প্রথমে চার সপ্তাহ শুনানি মুলতবির আবেদন জানান। আদালত বলেন, ‘এ কথা আগে বলেননি। শুনানির দিন ধার্য রয়েছে, এ পর্যায়ে শুনানি মুলতবির সুযোগ নেই।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি মুলতবির বিরোধিতা করে বলেন, এটি গুরুত্বপূর্ণ মামলা। জ্যেষ্ঠ আইনজীবীদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি বিলম্বিত করতে সময় চাওয়া হচ্ছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত। চার-পাঁচবার শুনানিও মুলতবি করা হয়েছে। সময় আবেদন নাকচ করে শুনানি শুরু করা প্রয়োজন। খালেদার আইনজীবী বলেন, যেভাবে দ্রুত শুনানি শুরুর কথা বলা হচ্ছে, তাতে আবেদনকারী ন্যায়বিচার পাবেন না বলে ধারণা করছেন।এ পর্যায়ে আদালত প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান।