জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদন নিষ্পত্তির জন্য একটি একক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি৷ গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চে বিষয়টি পাঠানো হয়৷ আজ সোমবার বিষয়টি কার্যতালিকায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে।
খালেদা জিয়ার করা পৃথক রিটের শুনানি শেষে গত ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন৷ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করার পাশাপাশি রুল দেন৷ অপর বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ আবেদনটি খারিজ করে দেন৷
আদালত সূত্র জানায়, বিভক্ত আদেশের পর বিষয়টি প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে পাঠানো হয়৷ তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে পাঠান৷
গত ১৯ মার্চ ওই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন৷ ওই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়৷ পরে ওই দুটি মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে পৃথক রিট করেন খালেদা জিয়া৷ মামলা দুটির বিচারকাজ চলছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ৷ ৭ মে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে৷
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ ২০১২ সালের ১৬ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক৷ আর জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক৷ এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়৷