ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে এ বিষয়ে প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে আবেদন করার জন্যও তাঁর আইনজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৪ মে সেনানিবাসের বাড়ি নিয়ে রিটের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানির এই দিন নির্ধারণ করেন।১১ এপ্রিল সেনানিবাসের বাড়ি ছাড়ার প্রশ্নে খালেদা জিয়ার রিটের চূড়ান্ত শুনানি পেছানো নিয়ে ব্যাপক হট্টগোল হয়। সময়ের আবেদন নাকচ করে দেন আদালত। সেদিন খালেদার আইনজীবীদের ১৩ এপ্রিলের মধ্যে লিখিত আবেদন দিতে বলা হয়।বিকেলে আদালতে খালেদা জিয়ার পক্ষে মওদুদ আহমদ ও সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করেন। শুনানিতে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া মনে করেন, তিনি এই আদালতে ন্যায়বিচার পাবেন না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া সমীচীন। প্রধান বিচারপতি অন্য কোনো আদালতে মামলাটি শুনানির জন্য পাঠাবেন। মাহবুবে আলম এর বিরোধিতা করে আবেদনের ‘অসংগতি’ তুলে ধরে বলেন, এই পর্যায়ে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর সুযোগ নেই। কারণ প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য এখানে পাঠিয়েছেন। শুনানি শেষে পৌনে চারটায় আদালত আবেদনটি খারিজ করে ওই আদেশ দেন।আদেশের পর আদালত অঙ্গনে বিএনপির সমর্থক আইনজীবীরা সংক্ষিপ্ত মিছিল করেন।