জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনের ওপর রোববার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
গত ১২ মে মামলা দুটির বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন খালেদা জিয়া। গতকাল রিটের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। শুনানিকালে আবেদনকারী পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ মামলার বিচার কার্যক্রম চলছিল। এই দুই মামলায় আজ বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
গত ৭ মে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার দিক বিবেচনায় মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। এই দুটি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২৩ এপ্রিল খারিজ করে দেন হাইকোর্ট।