খালেদার লং মার্চ সূক্ষ্ম ভারত বিরোধিতা: সুরঞ্জিত

সূক্ষ্ম ভারত বিরোধিতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লং মার্চের কর্মসূচি পালন করছেন বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেন। আগামীকাল মঙ্গলবার তিস্তা অভিমুখে বিএনপির ঘোষিত লং মার্চ কর্মসূচি রয়েছে।
সুরঞ্জিত বলেন, ‘খালেদার অপরাজনীতি মানুষ বুঝে গেছে। তিনি ভারত বিরোধিতাকে উসকে দিতে চান। তবে ভারতের আগামী সরকারের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করব। আপনার এই চালটাও মাঠে মারা যাবে।’
জাতির ঐক্যের খাতিরে সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সমস্যা সমাধানের জন্য নয়, বিএনপির নেত্রী রাজনীতি করার জন্য লং মার্চ করছেন। কারণ ভারতে এখন নির্বাচন হচ্ছে; ঠিক এই সময়ে বৈশাখের দাবদাহে নিজে এসি গাড়িতে থেকে জনগণকে কষ্ট দিয়ে লং মার্চ কতটুকু পানির জন্য, সেটা ভাবতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তিস্তা চুক্তি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি। এটাকে রাজনৈতিক ইস্যু করবেন না। এই লং মার্চ যদি ভায়োলেন্ট মার্চ হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘৩৫ ঘণ্টা পর তাঁর উদ্ধার জাতির জন্য স্বস্তিদায়ক। তবে এই অপহরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেগুলোর উত্তর দ্রুত জাতিকে জানাতে হবে। আমরা চাই, তদন্তের মাধ্যমে এর সঠিক সমাধান হোক।’ তিনি দাবি করেন, খুন-গুম ও অপহরণ হলে বিরোধী দল এতকাল সরকারকে দোষারোপ করত। আবু বকর ফিরে আসার মাধ্যমে প্রমাণিত তাদের অভিযোগ ভুয়া, ভিত্তিহীন।
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা হাজি মো. সেলিমের সভাপতিত্বে আজকের এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি।