খালেদার লিভ টু আপিল শুনানি ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ৩১ অক্টোবর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। শুনানির দিন ধার্যের জন্য করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই তারিখ ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। অবকাশকালীন চেম্বার বিচারপতি ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেদিন বিষয়টি তালিকার শীর্ষে থাকবে।