খালেদার লিভ টু আপিলের শুনানি ১২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিল প্রশ্নে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেছেন। আগামী ১২ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।খালেদা জিয়ার আইনজীবী মাহাবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৬ মার্চ আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। আবেদনটি শুনানির দিন নির্ধারণের জন্য গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে উপস্থাপন করা হয়। আদালত ১২ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেছেন। আইনজীবী মাহাবুবউদ্দিন বলেন, এ অবস্থায় নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তিনি জানান, ১৮ মার্চ বিচারিক আদালতে এ মামলার অভিযোগ শুনানির দিন ধার্য রয়েছে। ২০০৮ সালের ৩ জুলাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেছিলেন। গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট তা খারিজ করে দেন।