খালেদার শুধু রাত্রিযাপন, যশোরে ১০০ তোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার সফর উপলক্ষে দলীয় পতাকা ও ব্যানারে সাজানো হয়েছে পুরো যশোর শহর। ছবিটি যশোর শহরের মুজিব সড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
খালেদা জিয়ার সফর উপলক্ষে দলীয় পতাকা ও ব্যানারে সাজানো হয়েছে পুরো যশোর শহর। ছবিটি যশোর শহরের মুজিব সড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ শনিবার রাতে যশোরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। যশোর সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে কাল রোববার সকালে তিনি খুলনার উদ্দেশে যাত্রা করবেন। 

জানা গেছে, বিরোধী দলীয় নেত্রীর যশোরে শুধু রাত্রিযাপনের কর্মসূচি থাকলেও পুরো জেলায় সাজ সাজ রব পড়ে গেছে। এ উপলক্ষে যশোর-মাগুরা সীমান্ত সীমাখালী থেকে যশোর-খুলনা সীমান্ত ফুলতলা পর্যন্ত অন্তত ৫০ কিলোমিটার সড়কে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। রাস্তার দু’ধারে রং বেরঙের পতাকা ও দলীয় ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। শহর ও শহরতলিতে চলছে দলীয় নেতা-কর্মীদের পথসভা-মিটিং-মিছিল।

এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রথম আলো ডটকমকে বলেন, সড়ক পথে ঢাকা থেকে মাগুরা হয়ে রাত ১০ টার দিকে নেত্রী যশোরে পৌঁছাবেন। সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে সকালে খুলনায় যাবেন। খুলনায় রওনা হওয়ার আগে সার্কিট হাউজ মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবেরুল আরও বলেন, খালেদা জিয়াকে আগমনী শুভেচ্ছা জানাতে যশোরাঞ্চলে অন্তত ১০০ তোরণ নির্মাণ করা হয়েছে। রাস্তার দু’ধারে টাঙানো হয়েছে অসংখ্য পতাকা, ব্যানার-ফেস্টুন, যা দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করছে। দলীয় নেত্রীর বহরে দুই শতাধিক গাড়ি থাকবে বলেও তিনি জানান।