খালেদার শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুটি মামলার কার্যক্রমের শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই তারিখ ধার্য করেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এই তারিখ ধার্য করা হয়। আজ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। নিরাপত্তাজনিত কারণে এবং বিচারক বদলি-সংক্রান্ত হাইকোর্টের করা রিট আবেদনের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়া সাক্ষ্য কার্যক্রম মুলতবি করার আবেদন করেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।