খালেদার সংগ্রাম কমিটি জনগণের বিরুদ্ধে: সুরঞ্জিত

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সংগ্রাম কমিটি গঠনের আহ্বান সরকারের নয়, জনগণের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজ দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘আমরা মুজিব হব’ সংগঠনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ভোটাধিকার ঠেকানোর জন্য খালেদা জিয়ার এই সংগ্রাম কমিটি সরকার কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এটা জনগণের বিরুদ্ধে। মনে রাখবেন, এ অধিকার আপনাকে কেউ দেয়নি। আসলে আপনি অসাংবিধানিক ধারা আনার ষড়যন্ত্র করছেন। আপনি জানেন, সংবিধানবিরোধী কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। সুতরাং অসাংবিধানিক পথ থেকে বিরত থেকে গণতন্ত্রের পথে আসুন।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, ‘২৪ অক্টোবর এখনো অনেক দূরে। এরই মধ্যে আপনারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রূপরেখা দিন। আমরা কেউ নির্বাচনের বিপক্ষে নই। অযথা ভয় দেখিয়ে লাভ নেই।’
আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। হয়তো বিএনপি বাধা দেবে। কিন্তু আওয়ামী লীগের সব নেতা-কর্মী মাঠে নামলে বিএনপির টিকিটও খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন, যত গর্জে তত বর্ষে না।’
মুক্তিযুদ্ধের সময় হেমায়েতবাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।