খালেদার সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির গুলশান কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হাননা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে হাননা ইইউর উন্নয়নবিষয়ক কমিশনারের আসন্ন ঢাকা সফর সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। খবর ইউএনবির।সাক্ষাৎ শেষে হাননা সাংবাদিকদের বলেন, আগামী ২১ জুন তিন দিনের সফরে ইইউর কমিশনার ঢাকা সফরে আসছেন। তাঁর ওই সফর বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এ সময় তিনি সরকার এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, জাতীয় বাজেট, গণতন্ত্রসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।হাননা জানান, কমিশনার তাঁর সফরকালে বাংলাদেশে কীভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশে এটাই হবে তাঁর প্রথম সফর। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন জার্মানির উন্নয়ন-সম্পর্কিত মন্ত্রী।