খালেদার সঙ্গে দ্বিতীয় বৈঠক করলেন তারানকো

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকেই জানানো হয়নি।
এর আগে গত শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তারানকোর প্রথম দফায় বৈঠক হয়।
চার দিনের সফরে গত শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন তারানকো।
আজ সিইসির সঙ্গে বৈঠকের আগে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারানকো।