খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বিএনপির নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে এ বৈঠক নিয়ে সব মহলের আগ্রহ থাকলেও বৈঠক শেষে কোনো পক্ষই মুখ খোলেনি।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই গাড়িতে উঠে যান রাষ্ট্রদূত। বৈঠকের পর সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করেও সাংবাদিকেরা বিএনপির কোনো বক্তব্য পাননি।বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।রোববার থেকে মঙ্গলবার টানা তিন দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। আগামী শনিবারের মধ্যে ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না গেলে নতুন করে হরতালের ইঙ্গিত দিয়েছে দলটি। জবাবে ক্ষমতাসীন দল হরতাল না দিয়ে ইলিয়াস আলীর ‘সন্ধানে’ বিরোধী দলের সহায়তা চেয়েছে।