খালেদার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদলের মতবিনিময়
আগামী সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ দাবি জানান। বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে দেখা করে। মতবিনিময়কালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন হিন্দু সম্প্রদায়ের নেতা সুব্রত চৌধুরী, মহেন্দ্র কুমার নাথ ও নিতাই রায় চৌধুরী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।কাল রামুতে যাচ্ছেন খালেদা জিয়ানিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, আগামীকাল শনিবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কক্সবাজারের রামু সফরে আসছেন। রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কাল বেলা তিনটায় সম্প্রীতি সমাবেশে খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে।