খালেদার সফরসঙ্গী সাংবাদিকদের ভোগান্তি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে খবর সংগ্রহ করতে ঢাকা থেকে দিনাজপুরে আসা বিভিন্ন গণমাধ্যমের কিছু সাংবাদিক ভোগান্তি ও অব্যবস্থাপনার শিকার হয়েছেন। খালেদা জিয়ার দিনাজপুর সফরে তাঁর সফরসঙ্গী হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের শ খানেক সংবাদকর্মী। পথে শনিবার রাতে খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউসে রাত যাপন করেন। আর সফরসঙ্গী সাংবাদিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয় শহরের বিভিন্ন হোটেলে। কিন্তু কিছু সাংবাদিকের থাকার বন্দোবস্ত ছিল না। একপর্যায়ে তাঁদের বিএনপির মিডিয়া শাখার সদস্যরা জাতীয় বঙ্গভাষা সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে নিয়ে যান। খবর পেয়ে একাডেমির পরিচালক মাহবুবুর রহমান সেখানে গিয়ে জানান, সাংবাদিকদের থাকার ব্যাপারে বিএনপি থেকে আগাম বুকিং দেওয়া হয়নি। জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, বুকিং ছাড়া কাউকে এখানে রাখা যাবে না।বিষয়টি বিএনপির চেয়ার-পারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানতে পেরে তিনি দলের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি রাত ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে ওই সাংবাদিকের থাকার ব্যবস্থা করেন। কেউ কেউ নিজ নিজ প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধি বা পরিচিতজনের মাধ্যমে থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।