খালেদার সফরের পর কোন্দল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলী উপজেলায় দলের কোন্দল তীব্র আকার ধারণ করেছে। ২৪ মার্চ দলের চেয়ারপারসন খালেদা জিয়া গাবতলীতে সমাবেশ করে যাওয়ার পর ২৬ মার্চ রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় আহত হন ছয়জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন রাত ১২টা থেকে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে ৪৮ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।দলীয় সূত্র জানায়, গাবতলী উপজেলা বিএনপিতে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে সক্রিয়। এর এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও গাবতলী পৌরসভার মেয়র মোর্শেদ মিল্টন। অপর পক্ষে আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম।বিগত সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হন দলের প্রধান খালেদা জিয়া। পরে তিনি ওই আসন ছেড়ে দিলে উপনির্বাচনে সাংসদ হন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের অভিযোগ, মওদুদ সাংসদ হওয়ার পর টিআর-কাবিখা প্রকল্পের তালিকা তৈরি ও বিলিবণ্টনের ক্ষেত্রে জাহিদুল ইসলামকে প্রাধান্য দেন। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সখ্য থাকায় তিনি উপজেলা কমিটির অনুমোদন আটকে দেন। ২৪ মার্চ খালেদা জিয়া উপজেলার সোনারায় ইউনিয়নের বামুনিয়া কর্মকারপাড়ার মন্দির চত্বরে সমাবেশ করলেও উপজেলা বিএনপির নেতাদের সমাবেশমঞ্চের কাছে ভিড়তে দেওয়া হয়নি। সমাবেশের সবকিছুই করেন জাহিদুল ইসলাম। এ নিয়ে সমাবেশস্থলে উভয় পক্ষের মধ্যে হট্টগোল, ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিনের ঘটনার জের ধরে ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলা সদরের তিনমাথা মোড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কর্মী হিসেবে পরিচিত ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের ওপর হামলা হয়। ওই ঘটনার পর চেয়ারম্যানের লোকজন থানা মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটান। মেয়রের লোকজনও পাল্টা ককটেল বিস্ফোরণ ঘটান। ঘটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা। ককটেল বিস্ফোরণে নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সাবেক সভাপতি আবু তাহের, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেন্টু, যুবদলের কর্মী সাপারু পাইকাড় ও ইউপি সদস্য আলমগীর হোসেন আহত হন।মোর্শেদ মিল্টন অভিযোগ করেন, উপজেলা বিএনপির নেতৃত্ব দখলে নিতে উপজেলা চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। গঠনতন্ত্র অনুসরণ করে উপজেলা সম্মেলন হলেও তাঁর ষড়যন্ত্রের কারণে জেলার নেতারা কমিটির অনুমোদন ঝুলিয়ে রেখেছেন। তিনি বলেন, চেয়ারপারসনের সফরের সময় উপজেলা চেয়ারম্যান মঞ্চ ও মাইক দখলে নিয়ে কাউকে সেখানে ভিড়তে দেননি। স্থানীয় নেতাদের সমাবেশ থেকে বের করে দেওয়া হয়। কেন্দ্রীয় নেতা ও সাবেক একজন সাংসদকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম বলেন, ‘ম্যাডামের গাবতলী সফরের পুরো সমন্বয়ের দায়িত্ব দলীয়ভাবে আমার ওপর ছিল। এ জন্যই আমি সব আয়োজন করেছি। মেয়র তাঁর লোকজন দিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করেন।’ তিনি দাবি করেন, পৌর মেয়র দলের কেউ নন। উপজেলা বিএনপির বর্তমান কমিটির অনুমোদন নেই।এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গাবতলী উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয় ২০১০ সালের ২৭ নভেম্বর। কী কারণে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়নি, সেটা জেলা সভাপতি ভালো বলতে পারবেন।এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।