খালেদার সভার আগে বিএনপির দুই পক্ষের মারামারি

রাজশাহীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের জনসভা শুরুর আগেই জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিকেলে এই জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা।
সকাল থেকেই ইসলামী ছাত্রশিবিরসহ জোটের শরিক দলের নেতা-কর্মীরা জনসভার উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। এদিকে রাজশাহী কলেজ ছাত্রাবাস থেকে জোর করে সাধারণ ছাত্রদের মিছিলে নিয়ে আসা হচ্ছে বলে ছাত্ররা অভিযোগ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁর পোরশা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানার ছবিসহ গেঞ্জি পরে তাঁর কর্মীরা জনসভাস্থলে

আসেন। এই দেখে ওই এলাকার বিএনপির দলীয় সাবেক সাংসদ সালেক চৌধুরীর কর্মীরা তাঁদের ওপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সালেক চৌধুরীর সমর্থকেরা মাসুদ রানার সমর্থকদের জনসভাস্থল থেকে পিটিয়ে বের করে দেন।
এদিকে সকাল ১০টার দিকে জেলার চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে জনসভা প্রাঙ্গণে প্রবেশ করেন। মিছিলে থাকা সবার গায়ে আবু সাঈদের ছবিসংবলিত বিভিন্ন রঙের টি-শার্ট। অনেকের হাতে লাঠি ও লাঠির মাথায় ধানের শীষ বাঁধা ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে নগরের রানীবাজার নিউমার্কেট এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে জোটের নেতা-কর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন।