খালেদার সমাবেশ আজ, মিছিলে মুখর সিলেট

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আজ বিকেল চারটায় ১৮-দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশ উপলক্ষে আজ সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে চলছে জোটের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে সিলেট।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে খালেদা জিয়া সড়কপথে সিলেটে পৌঁছান। তিনি এখন সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। আজ হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মীর্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা আছেন।
সমাবেশ প্রস্তুতি উপকমিটির (মিডিয়া) আহ্বায়ক ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী বলেন, ‘সিলেট তো বৃষ্টির শহর। তাই বৃষ্টি আমাদের কিছুটা বিড়ম্বনায় ফেললেও মানুষের বাঁধভাঙা জোয়ারে সমাবেশ সফল হবে। কয়েক লাখ লোকের সমাগম হবে।’
এর আগে ২০১১ সালের ১০ অক্টোবর রোডমার্চ করে খালেদা জিয়া সিলেটে এসেছিলেন। ১১ অক্টোবর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন। আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন নগর বিএনপির সভাপতি এম এ হক।