খালেদার 'মার্চ ফর ডেমোক্রেসি' অবৈধ: সুরঞ্জিত
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি অবৈধ, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গসংগঠন মাঠে থাকবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে সদ্য প্রয়াত জোহরা তাজউদ্দীনের স্মরণে আয়োজিত শোকসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘আমাদের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচন থেকে শেখ হাসিনাকে ফেরানো যাবে না। নির্বাচন যথাসময়েই হবে। কে এল, কে এল না; এটা আমাদের দেখার বিষয় না। কে পর্যবেক্ষক পাঠাল না, তাও আমাদের বিষয় না। আমরা কাউকে দাওয়াত করি নাই।’
নীতিবান মানুষ হিসেবে জোহরা তাজউদ্দীন অমর হয়ে থাকবেন মন্তব্য করে সুরঞ্জিত বলেন, তাজউদ্দীনের পরিবার আওয়ামী লীগে নীতিবাদী রাজনীতির অনির্বাণ শিখা জ্বালিয়ে রেখেছে।