খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ৩০ মার্চ
বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ তারিখ ধার্য করেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী। ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করে।
গত বছরের ৬ মে ডিবি তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করে পুলিশ।
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও এমকে আনোয়ার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান।