রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আগামী ১৮ জুলাই শুনানির নতুন তারিখ ধার্য করেন।
একই সঙ্গে আদালত মামলাটির বিচার নিষ্পত্তির জন্য প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ ধার্য করেন। এ মামলায় খালেদা জিয়া, এম কে আনোয়ার, রুহুল কবির রিজভীসহ ১১ জন জামিনে আছেন। হাবিব-উন-নবী খান, বরকত উল্লা, আজিজুল বারী, মীর সরফত আলীসহ ২২ জন পলাতক। সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ পাঁচজন কারাগারে আছেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ জন যাত্রী দগ্ধ ও আহত হন। চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে এক যাত্রী মারা যান।