খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা মেরে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়নি। আগামী ২ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
এ মামলায় খালেদা জিয়াসহ ৩০ আসামি পলাতক আছেন। তবে পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন না থাকায় আদালত এ তারিখ ধার্য করেন। মামলায় রুহুল কবির রিজভীসহ সাতজন কারাগারে আটক ও একজন জামিনে আছেন।
চলতি বছরের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় এ অভিযোগপত্র দাখিল করে। দুটি মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। খালেদা জিয়াসহ ৩০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হয়।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ, বরকত উল্লা, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ।
২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম মারা যান। এ ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় এ মামলা করা হয়।