
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ-সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার আসামিদের মধ্যে তাঁর লন্ডন-প্রবাসী ছেলে তারেক রহমানও রয়েছেন।
আদালত সূত্র জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার মধ্যে এই প্রথম কোনো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো।
গতকাল হাজিরার দিন ধার্য থাকলেও খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশিদের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বাকি সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসু দেব রায়।
একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির আরেকটি মামলা বিচারাধীন আছে। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। দুই মামলায়ই খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল দিন ধার্য ছিল। এ জন্য তাঁকে আদালতে হাজির থাকতে ১৭ সেপ্টেম্বর আদেশ দেওয়া হয়েছিল।
কিন্তু হরতালের কথা উল্লেখ করে ‘নিরাপত্তাহীনতার’ কারণে খালেদা জিয়া হাজির হতে পারেননি বলে তাঁর আইনজীবীরা গতকাল আদালতে সময়ের আবেদন করেন। এ ছাড়া মামলার অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে করা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যক্রম মুলতবি চেয়ে আরও দুটি আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সব আবেদন নাকচ করে দেন এবং সাক্ষ্য গ্রহণ শুরু করেন।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের বিষয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৩৯-বি ধারায় আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণে বাধা নেই। আদালত আইনানুগভাবে সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে নির্মিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলা দুটির বিচারকাজ চলছে।
শুনানি: গতকাল বেলা সোয়া ১১টার দিকে বিচারক এজলাসে ওঠেন। এর পর পর খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। তিনি বলেন, এ মামলায় ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, তা শুনানির অপেক্ষায় আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা প্রয়োজন। এ বিষয়ে তিনি উচ্চ আদালতের সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি। এ জন্য পৃথক সময়ের আবেদন করা হয়েছে।
আসামিপক্ষের সময়ের আবেদনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, এই মামলার বিচারকাজ বিলম্ব করতে একই কারণ দেখিয়ে আসামিপক্ষ একাধিকবার সময় নিয়েছে। এ বিষয়ে খালেদা জিয়ার পক্ষে উচ্চ আদালতে পৃথক চারটি আবেদন করা হয়। এর মধ্যে দুটি আবেদন গত ২৩ এপ্রিল আপিল বিভাগ খারিজ করে দেন। মামলার কার্যক্রমের ওপর কোনো স্থগিতাদেশ অদ্যাবধি বিচারিক আদালতে দাখিল করতে পারেনি আসামিপক্ষ। তাই সাক্ষ্য গ্রহণে কোনো বাধা নেই।
শুনানি শেষে খালেদা জিয়ার পক্ষে করা তিনটি আবেদন খারিজ করে দেন আদালত। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে কিছুক্ষণ হইচই হয়। পরে সময়ের আবেদন পুনর্বিবেচনার জন্য খালেদা জিয়ার পক্ষে আরেকটি আবেদন করা হয়। আদালত সেটাও নাকচ করে দেন।
দুদকের পক্ষে মামলা পরিচালনায় আরও অংশ নেন রফিকুল ইসলাম, রেজাউল হক ও হুমায়ূন পাঠান। আর আসামিপক্ষের বাকি আইনজীবীরা হলেন মিয়া খোরশেদ আলম, আবদুল খালেক, মো. মনিরুজ্জামান ও জয়নাল আবেদীন।
আদালতের প্রতি অনাস্থা: পরে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতে কোনো আবেদন শুনানির অপেক্ষায় থাকলে বিচারিক আদালত মামলার কার্যক্রম চালাতে পারেন না। এ বিষয়ে সিদ্ধান্ত থাকার পরও খালেদা জিয়ার পক্ষে করা আবেদন নাকচ করে দিয়েছেন। তাতে মনে হয়েছে, বিচারক সরকারের চাপে এ কাজ করেছে। তিনি আরও বলেন, এই আদালতের প্রতি তাঁদের আস্থা নেই। মামলা দুটি অন্য কোনো আদালতে স্থানান্তরের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।
মামলায় অভিযোগ: জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনার ক্ষেত্রে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।
এ দুটি মামলাসহ খালেদা জিয়ার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। উচ্চ আদালতের আদেশে কারণে গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাসহ তিনটি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। আর তারেক রহমানের বিরুদ্ধে মোট মামলা আছে ১৩টি। তাঁকে পলাতক আসামি দেখিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুটি ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলছে। বাকি ১০টি মামলার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।