খালেদের মৃতদেহ মেলেনি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সজল খালেদ।

খুব খারাপ লাগছে। তাঁর চশমা, ব্যাগ, মাস্ক পাওয়া গেল কিন্তু মানুষটাকে পাওয়া গেল না। হয়তো বরফের ভেতরে জমে চুপ করে ঘুমিয়ে আছে কোথাও।’

উদ্ধার অভিযানে এভারেস্ট বিজয়ী মোহাম্মদ খালেদ হোসেনের (সজল খালেদ) মৃতদেহ উদ্ধারকারী দল খুঁজে না পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার বিকেল থেকে এমন অনেক স্ট্যাটাস দেখা গেছে ফেসবুকে। সকালে খালেদের স্ত্রী তাহমিনা খানও ছুটে গেছেন কাঠমান্ডুতে। কিন্তু এখন পর্যন্ত খালেদের মৃতদেহ উদ্ধার অভিযানে সফলতার খবর পাওয়া যায়নি।

গত রোববার ১০-১২ জন শেরপা নিয়ে গঠিত উদ্ধারকারী দল এভারেস্ট পর্বতের প্রায় আট হাজার ৭০০ মিটার উচ্চতায় অভিযান চালিয়ে খালেদের ব্যবহূত একটি ব্যাগ পেয়েছে। গতকাল সোমবার দ্বিতীয়বার অভিযান চালিয়েও খালেদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। আপাতত উদ্ধার অভিযান স্থগিত রাখার কথা জানিয়েছে নেপালে বাংলাদেশ দূতাবাস।

শেরপা এবং অন্য পর্বতারোহীর তথ্যমতে, যেখানে সজল খালেদের মৃতদেহ থাকার কথা, সেখানে মিংমা দরজি শেরপার নেতৃত্বে রোববার প্রথম অভিযান চালায় উদ্ধারকারী দল। নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (কনস্যুলার) শামীমা চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম অভিযান ব্যর্থ হওয়ার পর আজ (সোমবার) ভোর সাড়ে পাঁচটার দিকে দ্বিতীয় দফা এভারেস্টের সাউথ সামিটের ওপরে যান শেরপারা। কিন্তু খালেদের কোনো সন্ধান পাওয়া যায়নি, শেরপারা ক্যাম্প টুতে নেমে এসেছেন।

শামীমা চৌধুরী জানান, আগামী ৫ জুন পর্যন্ত অভিযান চালানোর সুযোগ পাওয়া যাবে। এর মধ্যে যদি কোনো তথ্য পান শেরপারা, তবে আবার অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শেরপাদের তথ্য অনুযায়ী গত কয়েক দিন তুষারপাতের কারণে তুষারের নিচে খালেদের দেহ চাপা পড়ে থাকতে পারে। আবার এভারেস্টে ওঠার সময় রশির সঙ্গে যে আংটা ও বেল্ট শরীরের সঙ্গে বাঁধা ছিল (লাইফলাইন), সেটি খুলে যাওয়ার কারণে খালেদের দেহ অন্য কোথাও সরে যেতে পারে।

গত ২০ মে সকালে এভারেস্ট বিজয়ের পর নেমে আসার কয়েক ঘণ্টার মধ্যে আকস্মিকভাবে মারা যান সজল খালেদ। তাঁর মৃতদেহ উদ্ধারের জন্য শুক্রবার মধ্যরাত থেকে অভিযান শুরু করেছে সেভেন সামিট ট্রেকস (প্রা.) লিমিটেড। এই অভিযানের সব খরচ বহন করছে বাংলাদেশ সরকার। নেপালের পর্যটন মন্ত্রণালয়ও এই অভিযানে যুক্ত আছে।