খালেদের মৃত্যুর খবর জানেন না বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রনির্মাতা মোহামঞ্চদ খালেদ হোসেন (সজল খালেদ) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ফিরছেন—কেবল এমন খবরই জানেন বাবা আবদুল আজিজ (৮৫)। তিনি এখনো জানেন না, গত সোমবার এভারেস্ট থেকে নামার পথে তাঁর ছেলে মারা গেছেন।অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ‘আমার ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করার। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

গতকাল বুধবার খালেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের হাসাড়গাঁও গ্রামে গেলে এই স্বপ্নের কথা জানান আবদুল আজিজ।

এদিকে টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে খালেদের মৃত্যুর খবর জেনে গেছে গ্রামবাসী। গতকাল অনেকে ভিড় করে খালেদদের বাড়িতে। আবদুল আজিজ মনে করেন, গ্রামবাসী তাঁর ছেলের এভারেস্ট জয়ের খবর পেয়ে বাড়িতে এসেছে। গ্রামের লোকদের ছেলের এভারেস্ট জয়ের খবর বলতে গিয়ে চোখের পানি ফেলেন তিনি। গ্রামের লোকজনও বৃদ্ধ বাবার অশ্রু দেখে, কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে ফিরে যায়।

কথা হয় খালেদের চাচা তোফাজ্জল হোসেনের সঙ্গে। বললেন, ‘খালেদের মৃত্যুর খবর এখনো আমরা ওর অসুস্থ বাবাকে জানাইনি। তাঁকে কেবল খবর দেওয়া হয়েছে, খালেদ এভারেস্ট জয় করে ফিরছে। এ জন্য লোকজনকেও তাঁর কাছে বেশি ভিড়তে দিচ্ছি না।’

তোফাজ্জল জানান, এভারেস্ট জয় করতে যাওয়ার আগে গ্রামের বাড়িতে এসেছিলেন খালেদ।

লাশ আনার প্রক্রিয়া শুরু: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল ঢাকায় সাংবাদিকদের জানান, খালেদের মরদেহ নেপাল থেকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

গ্রামের আত্মীয়স্বজনের দাবি, খালেদের লাশ যেন গ্রামের বাড়িতে দাফন করা হয়।