খালের অবস্থা নির্ধারণে কর্মপরিকল্পনা করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার ৫০টি খালের বর্তমান অবস্থা ও অবস্থান নির্ধারণ, সীমানা নির্ধারণ, দখলদার ও দূষণকারীদের তালিকা তৈরি এবং খালগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ছয় মাসের মধ্যে একটি কর্মপরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১ জুলাই এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলে ২ জুলাই পরবর্তী শুনানির তারিখ রেখেছেন আদালত।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও আইনজীবী সাঈদ আহমেদ কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ঢাকার খাল নিয়ে গত অক্টোবর ও নভেম্বরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন যুক্ত করে গত মাসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি রিট আবেদনটি করে। যার ওপর আজ শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।