খালের ওপর আওয়ামী লীগ নেতাদের মার্কেট
বর্ষা মৌসুমে এই খাল দিয়ে প্রবল স্রোত বয়ে যায়। শুষ্ক মৌসুমেও পানি থাকে। পার্শ্ববর্তী ৮-১০ গ্রামের মাঠের পানি নিষ্কাষণের একমাত্র এই খালটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পশ্চিমাঞ্চলের নলপাতুয়া থেকে প্রবাহিত হয়ে ভারত থেকে আসা কোদলা নদীতে মিশে গেছে। সেই খালের পাড় দখল করে সরকারি জায়গায় পাকা মার্কেট নির্মাণ করছেন স্থানীয় আওয়ামী লীগের তিন নেতা। খাল বন্ধ হলে জলাবদ্ধতার আশঙ্কা থাকলেও স্থানীয় বাসিন্দারা কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, পাকা ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মাত্র পাঁচ দিনে ঘর গাঁথার কাজ প্রায় শেষ। এখন ঢালাই দেওয়ার প্রস্তুতি চলছে। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, যে স্থানে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে সেই স্থানটি পাতরার মোড় বলে পরিচিত। পাশ দিয়ে বয়ে গেছে কোদলার খাল। এই খালের পাড়ে ছোট বাজার গড়ে উঠেছে। মাত্র কয়েকটি দোকান রয়েছে এই বাজারে।এলাকাবাসী জানায়, সরকারি এই খাল দিয়ে নোয়ানীপাড়া, বামনগাছা, নলপাতুয়া, মান্দারতলা, মতিলালপুর, কুলতলাসহ ৮-১০টি গ্রামের মাঠের পানি বের হয়। কয়েক দিন আগে হঠাৎ করে পাতরা গ্রামের বাসিন্দা ও যাদবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও আসাদুল ইসলাম খালের মধ্যে পিলার তুলে সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করেন। রাস্তার অপর প্রান্তে তাঁদের টিন দিয়ে নির্মাণ করা দোকান থাকলেও পশ্চিম পাশে খালের জায়গা দখল করে এই মার্কেট করা হচ্ছে। গ্রামবাসী জানায়, এভাবে পাকা ঘর করায় খালের পানি প্রবাহ নষ্ট হবে। বিষয়টি তারা গোপনে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানিয়েছে। যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তপন কুমার জানান, জায়গাটি সরকারি। নিচে খাল রয়েছে, যে খাল দিয়ে বেশ কিছু গ্রামের পানি নিষ্কাষণ হয়। তিনি বলেন, খবর পেয়ে ভূমি অফিসের পক্ষ থেকে তাঁদের নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কাজ বন্ধ করেননি। যে কারণে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মদ জানান, যাঁরা ওই স্থানে ঘর করছেন তাঁরা ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা। তবে পদগুলো তিনি বলতে পারেননি। তিনি বলেন, এভাবে সরকারি জায়গায় মার্কেট নির্মাণ করা ঠিক হচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি উপজেলা নেতাদের সঙ্গে আলাপ করবেন।এ ব্যাপারে সফিকুল ইসলাম বলেন, সরকারি জায়গা হলেও তাঁরা ঘর করলে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তা ছাড়া জায়গাটি পড়ে আছে। খালের পানি প্রবাহের সমস্যার বিষয়ে তিনি বলেন, নিচে থেকে পিলার তুলে ঘর করছেন। পানি আটকানোর কোনো কারণ নেই। তিনি বলেন, তাঁরা তিনজন একত্র হয়ে এই নির্মাণকাজ করছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ওই নির্মাণকাজ বন্ধের জন্য ভূমি অফিসকে নোটিশ করতে বলা হয়েছিল। তাঁরা নোটিশ দিয়েছেন, কিন্তু দখলকারীরা কাজ বন্ধ করেনি। এবার তিনি উচ্ছেদ করবেন বলে জানান।