খালের ওপর উঠছে সীমানাপ্রাচীর জলাবদ্ধতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার একটি সরকারি খালের ওপর সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এতে বর্ষাকালে পৌর এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দেবে বলে এলাকাবাসী মনে করছেন। গত কয়েক বছরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী খালটির কিছু অংশ বালু ভরাট করে দখল করে নিয়েছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইছাপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শেষ হলে খালটি সরু হয়ে যাবে। খাল দিয়ে পৌরসভার ইছাপাড়া তাজপুর, খাসনগর দিঘীরপাড়, দৈলেরবাগ ও হাতকোপা এলাকার পানি মেনী-খালী নদে নিষ্কাশন হয়। এটি বন্ধ হয়ে গেলে এলাকায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করবে। ইছাপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রশিদ (৩৮) ও ফজল মিয়া (৪২) জানান, এ খাল দিয়ে নিষ্কাশন বন্ধ হয়ে গেলে পানি জমা হয়ে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল আমিন বলেন, ‘কয়েকজন দখলদার খালটি দখল করে রেখেছেন। আমরা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। খালটি দিয়ে যাতে পানিনিষ্কাশন হতে পারে, সে জন্য কিছু জায়গা ছেড়ে দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করার জন্য লোক ও কারুশিল্প কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।’লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্রগোপ বলেন, ‘সরকারি খালটির অধিকাংশ জায়গা কয়েক বছর আগেই দখল হয়ে গেছে। আমরা আমাদের জায়গার মধ্যেই সীমানাপ্রাচীর দিচ্ছি। খাল দখল করিনি।’