খালের ওপর ভবন নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার মরগাঙ্গী খাল থেকে আমানতগঞ্জ খালের সংযোগ স্থাপনকারী হাসপাতাল খালের ওপর দক্ষিণ রাজদী এলাকায় অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, কালকিনি পৌরসভার হাসপাতাল খালের দক্ষিণ রাজদী এলাকায় সেতুর পাশে আরসিসি ঢালাই পিলার করে ভবনের কাঠামো নির্মাণ করা হয়েছে। এই কাঠামোর এক পাশে খাল, অন্য পাশে এলজিইডির সরকারি রাস্তা। রাস্তার পাশে রয়েছে একটি চালকল।এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কালকিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের প্রভাবশালী রুবেল তালুকদার ৯ ডিসেম্বর থেকে ওই ভবন নির্মাণের কাজ শুরু করেন। এলাকাবাসী এ কাজে বাধা দিলেও রুবেল তা আমলে নেননি। পরে ১৫ ডিসেম্বর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারি খাল রক্ষা এবং আংশিক নির্মিত স্থাপনা ভেঙে ফেলার দাবিতে আবেদন করেন। স্থানীয় বিশ্বাস মো. দুলাল, গিয়াস উদ্দিন, ছিদ্দিক, নাসির উদ্দিন শিকদার, আনিছ, নান্নু, দুলাল শিকদার, ছোরাপ মোল্লাসহ কয়েকজন জানান, সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করতে গেলে তাঁরা বাধা দেন। এতে উল্টো তাঁদের হুমকি দেওয়া হয়েছে। ফলে তাঁরা প্রশাসনকে জানিয়েছেন। এখন প্রশাসনই ব্যবস্থা নেবে।রুবেল তালুকদার বলেন, ‘আমাদের কেনা জমিতেই ভবন করছি। খালের ওপর করিনি। খালের জায়গায় খাল আছে।’ কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী মোল্লা মো. শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক ও খাল—দুটিই সরকারি। খাল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। এর মধ্যে কেউ স্থাপনা নির্মাণ করলে সেটা আইনের পরিপন্থী।’কালকিনি থানার উপপরিদর্শক আশফাকুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ২১ ডিসেম্বর পরিদর্শনে গিয়ে দেখি, খালের ওপর ভবন নির্মাণ করা হচ্ছে। ওই দিনই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়াজ বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।’