খালের ওপর ভবন নির্মাণ বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় চুঙ্গোর খালের জায়গায় পাকা ভবন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সম্প্রতি তোলা ছবি l​ প্রথম আলো
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় চুঙ্গোর খালের জায়গায় পাকা ভবন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সম্প্রতি তোলা ছবি l​ প্রথম আলো

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় চুঙ্গোর খালের জায়গায় পাকা ভবন তৈরির উদ্দেশ্যে পিলার নির্মাণ করা হয়েছে। এতে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন নির্মাণকাজ সম্প্রতি বন্ধ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কোটচাঁদপুর শহর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ শহরের মাঝখানে গোবরডাঙ্গা, ঘিঘাটি, শাহাপুর, চাঁদপুর, বলাবাড়িয়া, নওদাগা, এলাঙ্গী, কাশিপুর, দাদপুরসহ প্রায় ২০টি গ্রাম রয়েছে। এই গ্রামগুলোর কৃষকেরা মাঝখানের বিস্তীর্ণ মাঠে চাষাবাদ করেন। গ্রামগুলোর মাঝে চুঙ্গোর বিল অবস্থিত। বর্ষা মৌসুমে এই গ্রামগুলো ও বিলের পানি চুঙ্গোর খাল দিয়ে বের হয়ে কপোতাক্ষ নদে চলে যায়। ওই খালের মুখে পশ্চিম প্রান্তে খালের জায়গা দখল করে দুই সপ্তাহ ধরে পাকা ভবন নির্মাণ চলছে। ইতিমধ্যে খালের ভেতর পিলার তৈরি করা হয়েছে। ২৫ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থ জায়গাজুড়ে দুটি দোকান তৈরি করা হচ্ছে। খালটি বন্ধ হয়ে গেলে কোটচাঁদপুর শহরের পূর্বাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা হবে। এতে বর্ষা মৌসুমে মাঠের ফসল তলিয়ে যাবে, বাসাবাড়িতে পানি ঢুকবে।
শরিফুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ওই স্থানে টং দোকান দিয়ে ছিট কাপড়ের ব্যবসা করে আসছেন। দোকানটি নষ্ট হয়ে যাওয়ায় পাকা ঘর তৈরি করছেন। এ জন্য তিনি জেলা পরিষদ থেকে এক বছরের জন্য জায়গাটি বরাদ্দ নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবপ্রসাদ পাল বলেন, ওই খালের জায়গা দখল হলে বৃহৎ একটি এলাকার পানি নিষ্কাশন বন্ধ হবে। তৈরি হবে জলাবদ্ধতা। বিষয়টি জানার পর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা পরিষদকেও বিষয়টি জানানো হয়েছে।