খালের ওপর সেতুর অভাবে বিভক্ত ইউনিয়ন, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের রজতরেখা খালের ওপর সেতু না থাকায় ওই ইউনিয়ন দুই ভাগে বিভক্ত রয়েছে৷ সেতুর অভাবে ইউনিয়নের নয়টি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ দীর্ঘ সময় ব্যয় করে নৌকার মাধ্যমে শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দাদের স্কুল-কলেজসহ বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে৷ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকেও একইভাবে ইউপি কার্যালয়ে যেতে হচ্ছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, রজতরেখা খালের পূর্ব পাশে পড়েছে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড৷ এই তিন ওয়ার্ডের মধ্যে নয়টি গ্রাম রয়েছে৷ গ্রামগুলো হচ্ছে সৈয়দপুর, বকচর, জাজিরা কুঞ্জনগর, চর আবদুল্লাহ, চর জংশন, মান্দ্রাতলী, সুমার ঢালীকান্দি, হাওলাদারকান্দি ও চরঝাপটা৷ এই নয়টি গ্রামের লোকসংখ্যা প্রায় ২০ হাজার৷ ইউপি চেয়ারম্যান বাস করেন সৈয়দপুর গ্রামে৷ আর ইউপি কার্যালয়ের অবস্থান খালের পশ্চিম পাশে৷
পশ্চিম পাশে ইউনিয়নের বাকি ছয়টি ওয়ার্ডের মধ্যে রয়েছে ১৩টি গ্রাম৷ ওই ১৩টি গ্রামের বাসিন্দারা সড়কপথে সরাসরি জেলা শহরসহ ঢাকায় যাতায়াত করতে পারে৷ তাদের নৌকা পার হয়ে পূর্ব পাশে খুব একটা আসতে হয় না৷
সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. তাহের আলী জানান, খালের পূর্ব পাড়ের বাসিন্দাদের স্থানীয় বাজার, স্কুল-কলেজসহ বিভিন্ন শহরে যেতে নৌকায় করে খালটি পার হতে হয়৷ এতে করে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাপক দুর্ভোগে পড়তে হয় তাদের৷ ওই গ্রামের একাধিক বাসিন্দা জানান, নয়টি গ্রামের মানুষ রজতরেখা খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে ১৭ বছর ধরে৷ সংসদ নির্বাচনের সময় প্রার্থীদের সবাই সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন৷ কিন্তু নির্বাচিত হওয়ার পর তাঁরা কথা রাখেন না৷
আধারা ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘আমি কয়েক মাস আগেও বর্তমান সাংসদ মৃণাল কান্তি দাসকে রজতরেখা খালের ওপর সেতুটি নির্মাণ করার জন্য দাবি জানিয়েছিলাম৷ সাংসদ সেতু করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷’
নৌকায় করে খাল পার হওয়ার সময় কথা হয় সৈয়দপুর গ্রামের স্কুলছাত্রী পান্না আক্তারের সঙ্গে৷ সে খালের পাশ্চিম পাশের বকুলতলা এএইচকে উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী৷ সে জানায়, তার বাবা কৃষিকাজ করেন৷ প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় খেয়া পার হতে ১০ টাকা করে লাগে৷ ওই টাকা জোগাড় করতে না পারায় মাঝেমধ্যে তাকে স্কুলে যাওয়া বাদ দিতে হয়৷
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, রজতরেখা খালের ওপর সেতু নির্মাণের প্রস্তাব এ পর্যন্ত একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে৷ কিন্তু কখনোই প্রস্তাবটি গ্রহণ করা হয়নি৷
এ ব্যাপারে এলজিইডি মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শাহনেওয়াজ বলেন, রজতরেখা খালের ওপর প্রায় ৩০০ মিটার সেতু নির্মাণের একটি প্রস্তাব এলজিইডির সদর দপ্তরে দুই সপ্তাহ আগে পাঠানো হয়েছে৷ প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷