বাগেরহাটের মংলা উপজেলার বিভিন্ন খাল থেকে বাঁধ অপসারণ করে সেগুলো উন্মুক্ত করার কাজ বন্ধ রয়েছে। প্রশাসন বলছে, বরাদ্দের অভাবে বাঁধগুলো অপসারণ করা যাচ্ছে না। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রভাশালী চিংড়িচাষিদের চাপের মুখে এ কাজ বন্ধ রাখা হয়েছে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন খালের বাঁধ অপসারণের সিদ্ধান্ত হয়। এর পর প্রাথমিকভাবে উপজেলার ৬১টি খালের তালিকা থেকে ৩৩টি খাল চলতি মাসের ৪ তারিখের মধ্যে অপসারণের সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর মিঠাখালী ইউনিয়নের পুটিমারী খালের বাঁধ অপসারণের মধ্য দিয়ে কাজ শুরু হয়। প্রশাসনের হিসাব অনুযায়ী ২০ জানুয়ারি পর্যন্ত ২৩টি খালের বাঁধ কেটে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকে বাঁধ অপসারণের কাজ বন্ধ আছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন যে ২৩টি খালের বাঁধ অপসারণ করেছে বলে দাবি করছে, সেসব খালের মুখের বাঁধগুলো শুধু অপসারণ করা হয়েছে। তা-ও অনেক ক্ষেত্রে বাঁধ নামমাত্র কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া খালের ভেতরে অনেক বাঁধ রয়ে গেছে। এলাকার প্রভাবশালীরা খালে চিংড়ি চাষের জন্য এসব বাঁধ দিয়ে রেখেছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাতেগোনা চার-পাঁচটি খালের বাঁধ অপসারণ করা হয়েছে। বাকি খালগুলোর বাঁধ নামেমাত্র অপসারণ করা হয়েছে। কোনো কোনো বাঁধের আংশিক কাটা হয়েছে। আবার কোনো কোনো খালের শুধু মুখের বাঁধ অপসারণ করা হলেও ভেতরে অসংখ্য বাঁধ রয়ে গেছে। আবার কেটে ফেলা কিছু বাঁধ প্রভাবশালীরা আবার বেঁধে দিয়েছেন। গত বুধবার সরেজমিন দেখা গেছে, প্রশাসনের দাবিকৃত বাঁধ অপসারণ করা ২৩টি খালের বাঁধের মধ্যে বুড়িরডাঙ্গা ইউনিয়নের শিং জোড়া ও বাইনবুনে খালের বাঁধ, মংলা পৌর এলাকার কুমারখালী খাল, ঠাকুরানী খাল, কেওড়াতলা খালের কোনো বাঁধই অপসারণ করা হয়নি।অভিযোগ উঠেছে, চিংড়িঘেরের একশ্রেণীর মালিক, প্রভাবশালী নেতা ও কতিপয় ইউপি চেয়ারম্যান খালের বাঁধ যাতে অপসারণ করা না হয়, সে জন্য প্রশাসনকে হাত করতে মরিয়া হয়ে উঠেছেন। বুড়িরডাঙ্গা ইউপির চেয়ারম্যান অনির্বাণ হালদার বলেন, ‘আমার ইউনিয়নের ২৮৮ জন শ্রমিককে প্রকল্পের কাজ বাদ দিয়ে খাল কাটার কাজে ব্যবহার করতে হয়েছে। এতে নির্দিষ্ট প্রকল্পগুলোর কিছু ক্ষতি হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ইউপি চেয়ারম্যান একই রকম অভিযোগ করেছেন। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, কারও চাপের মুখে নয় বরং অর্থবরাদ্দ না থাকায় খালের বাঁধ কাটা বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে খালের সব বাঁধ অপসারণ করা হবে। আর বিভিন্ন প্রকল্পের কাজের অধিকাংশ শেষ হয়ে যাওয়ায় সেসব প্রকল্পের শ্রমিকদের এ কাজে লাগানো হয়েছিল।