
খাগড়াছড়ির চারমাইল এলাকায় দেবেন্দ্র মোহনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে খাগড়াছড়ি খাল। অর্ধেক শিক্ষার্থীকেই খাল পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। বর্ষাকালে খালের তীব্র স্রোতের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের শিক্ষার্থীরা একটি সেতুর অভাবে এভাবে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। দেবেন্দ্র মোহনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেরিলা ত্রিপুরা, উমেশ কািন্ত ত্রিপুরা ও পপিতা ত্রিপুরা জানায়, খালে পানি বাড়লে তারা বিদ্যালয়ে আসে না। অনেক সময় বিদ্যালয়ে আসার পর ভারী বৃষ্টি হলে ক্লাস শেষ না করেই দ্রুত বাড়ি ফিরতে হয় তাদের।
বিদ্যালয়টিতে দীঘ ১২ বছর ধরে শিক্ষকতা করছেন বিজুবালা দেবী। তিনি জানান, থৈবাকলাই গ্রাম, জেরকপাড়া, হেমপাড়া, সাতমাইল এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন খাল পার হয়ে যাতায়াত করে। বিদ্যালয়ে মোট ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেকই এসব এলাকা থেকে আসে। বর্ষায় শিক্ষার্থীরা ভীষণ অসুবিধায় পড়ে। এ সময় অনেকেই বিদ্যালয়ে আসে না। অন্তত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে খাগড়াছড়ি খালে একটি সেতু নির্মাণ করে দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, খালটি পার হওয়ার পর শিক্ষার্থীদের কয়েক শ ফুট উঁচু পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে ওঠার রাস্তাটি বর্ষায় খুবই পিচ্ছিল থাকে। এ কারণে রাস্তায় ইট বিছিয়ে দিলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হতো।
শুধু শিক্ষার্থীরা নয়, খালের ওপর সেতু না থাকায় থৈবাকলাই ও আশপাশের গ্রামের বাসিন্দারাও ভোগািন্তর শিকার হচ্ছে। থৈবাকলাই গ্রামের বাসিন্দা দীনেশ মোহন ত্রিপুরা জানান, খালটিতে একটি সেতু না থাকায় খেতে উৎপাদিত ফসল কাঁধে করে বহন করে নিয়ে যেতে হয় চারমাইল এলাকার সড়ক পর্যন্ত। সেতু হলে যানবাহনে করে পণ্য পরিবহন করা সম্ভব হতো। তিনি আরও জানান, বর্ষাকালে হঠাৎ খালে পানি বাড়লে অভিভাবকেরা তাদের শিশুদের নিয়ে উৎকণ্ঠায় থাকেন।
খাগড়াছড়ি খালটি পেরছড়া ও গোলাবাড়ি ইউনিয়নের মাঝামাঝি পড়েছে। এ কারণে জনপ্রতিনিধিরাও খালের ওপর সেতু নির্মাণে আগ্রহ দেখান না।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব ত্রিপুরা বলেন, ‘খালটি দুই ইউনিয়নের মাঝামাঝি পড়েছে। তবু আমি এই খালে একটি সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কয়েক মাস আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা খাগড়াছড়ি সফরের সময় আমি ওই এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছি। তিনি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।’