খালের ভাঙনে সড়ক বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পূর্ব কলাদী সড়কটি খালের ভাঙনে বিলীন হয়ে​ যাচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পূর্ব কলাদী সড়কটি খালের ভাঙনে বিলীন হয়ে​ যাচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভার পূর্ব কলাদী সড়কটি বাইশপুর খালের অব্যাহত ভাঙনে বিলীনের পথে। ভাঙনরোধে কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় এ সমস্যা হয়েছে। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন।
মতলব পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, দেড় কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট চওড়ার পূর্ব কলাদী সড়কটি মতলব দক্ষিণ পৌর শহরের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের পূর্ব পাশে বাইশপুর খাল। ১০ বছর ধরে ওই খালের ভাঙনে ১২ ফুট চওড়া সড়কটির প্রায় ৮ ফুট খালের গর্ভে বিলীন হয়ে গেছে।
পূর্ব কলাদী এলাকার বাসিন্দা মো. সাইদ বলেন, ‘সড়কটি ২০০ বছরের পুরোনো। এ সড়ক দিয়ে পূর্ব ও দক্ষিণ কলাদী, বাইশপুর, ভাঙারপাড়, ধনারপাড়, পৈলপাড়া, বাবুরপাড়া, দশপাড়াসহ আরও অন্তত ১০-১২টি গ্রামের ৫০ হাজার মানুষ চলাচল করে। এসব মানুষের মতলব পৌর বাজারে আসা-যাওয়ার একমাত্র সহজ পথও এটি। এটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেই। কর্তৃপক্ষের কাছে সড়কটি রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’
মতলব পৌরসভার প্রকৌশলী মো. নুরুল হক বলেন, সড়কটি রক্ষায় গত মার্চ মাসে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে সড়ক ও খালের মাঝখানে দেয়াল (গাইড ওয়াল) নির্মাণ করা হয়। এটিও খালের পেটে চলে গেছে। তিনি আরও বলেন, সড়ক সংস্কার, পাকাকরণ ও এর পাশে স্থায়ী দেয়াল নির্মাণের জন্য গত এপ্রিলে ৮৮ লাখ টাকার বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়। গত মে মাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও সড়কের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন।