খালের মাটি আবার খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিক কারখানাসংলগ্ন মির্জা খাল খনন শুরু হয় গত এপ্রিলে। খনন করে মাটি রাখা হয় খালপাড়ে। বেশির ভাগ মাটি স্তূপাকারে দুই মাস ধরে খালপাড়ে পড়ে থাকতে দেখা গেছে। তিন দিন আগে শুরু হওয়া বৃষ্টিতে সেই মাটি আবার খালে গিয়ে পড়েছে৷ এতে খাল ভরাট হয়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে৷
এভাবে নগরের আরও কয়েকটি খালের পাশে রাখা মাটি বৃষ্টির পানিতে আবার খালে গিয়ে পড়েছে৷
জলাবদ্ধতা নিরসনের জন্য হালিশহরের মহেশখালের দুই দিকে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ চলছে। এ জন্য খনন করা মাটি রাখা হয় খালের এক পাশে। গত ১১ মের বৃষ্টিতে কিছু মাটি খালে মিশে যায়। তিন দিন আগে শুরু হওয়া বৃষ্টিতে বাকি সব মাটি ধুয়েমুছে গেছে। সেই খালের পাড়ে এখন মাটির চিহ্ন নেই।
সরেজমিনে নগরের প্রবর্তক মোড়সংলগ্ন হিজড়া খালের পাড়, বাদুরতলার চাক্তাই খালপাড়, চকবাজারের ঘাসিয়াপাড়া চাক্তাই খালসহ নগরের অনেক খালপাড়ে এ চিত্র দেখা গেছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে নগরের প্রায় সব কটি খাল ও নালার মাটি এপ্রিল থেকে তোলার কাজ শুরু করে সিটি করপোরেশন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট বিভাগের গািফলতির কারণে দ্রুত সময়ের মধ্যে খাল ও নালা থেকে তোলা মাটি সরিয়ে নেওয়া হয়নি৷
মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘খাল ও নালার মাটি প্রতিদিন সরানো হচ্ছে। মির্জা খালের পাশে আমাদের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। জায়গা আর দখল না হওয়ার জন্য আমরা ওই খালপাড় থেকে মাটি সরাইনি।’ মেয়র আরও বলেন, ‘মহেশ খালের মাটি সরানোর দায়িত্ব ঠিকাদাির প্রতিষ্ঠানের। তাঁরা মাটি সরায়নি বলে শুনেছি। এর মধ্যে বর্ষা নেমে গেছে।’
সিটি করপোরেশন সূত্রমতে, সংশ্লিষ্ট ঠিকাদাির প্রতিষ্ঠানের সঙ্গে প্রকৌশল বিভাগের সমন্বয়হীনতার কারণে মহেশ খালের পাশের মাটি সরানো হয়নি।
মন্জুর আলম সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৌশলী এ বিষয়ে ভালো বলতে পারবেন৷
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সদস্য শাহরিয়ার খালেদ বলেন, ‘মাটি তুলে খাল ও নালার পাশে রাখা হয়, যা মাসের পর মাস পড়ে থাকতে দেখা যায়। এ কারণে জলাবদ্ধতা দূর করার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।’
নগরের কাপাসগোলার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘মির্জা খাল ও চাক্তাই খাল থেকে কিছু মাটি আমরা ওঠাতে দেখেছি। কিন্তু সময়মতো তা সরানো হয়নি। বৃষ্টির পানিতে সেই মাটি আবার খালে চলে গেছে।’