খালের মুখ বন্ধ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কালবৈশাখী ও বৃষ্টিতে চট্টগ্রাম শহরের তিনটি ওয়ার্ডের অনেক বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। শহরের পানিপ্রবাহের দুটি খালের মুখ বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্ণফুলী নদী খননের সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মনোহরখালী খাল ও পি কে সেন খালের মুখ বন্ধ করে দেয়। চট্টগ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে কালবৈশাখী বয়ে যায়। এক ঘণ্টার বেশি সময় ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। এতে নগরের আলকরণ, ফিরিঙ্গিবাজার ও মাদারবাড়ি এলাকার অনেক এলাকায় খালের পানি সড়কে উঠে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতে পানি ঢোকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মনোহরখালী ও পি কে সেন খাল কর্ণফুলী নদীর পাড়ে আটকে দিয়েছে। সরেজমিনে দেখা যায়, ৬০ ফুট প্রশস্ত খাল দুটিতে ২০ ইঞ্চি ব্যাসের দুটি পাইপ দিয়ে পানি দূরে সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর খালে বাঁধ দিয়ে নদীর পাড় খনন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, খালের মুখ বন্ধ করে দিলেও শুকনো মৌসুমে এ জন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে খালের পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকার বাড়িগুলোতে পানি ঢুকে পড়েছে। আলকরণ ওয়ার্ডের চেয়ারম্যানবাড়ির বাসিন্দা মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, খালের মুখ বন্ধ থাকায় বৃষ্টির পর স্থানীয় দোভাষ কলোনি, খ্রিষ্টান গলি, পি কে সেন সাততলা, ২ নম্বর গলিতে হাঁটুপানি জমেছে। কিছু কিছু বাড়িতেও পানি ঢুকেছে। মাদারবাড়ি ওয়ার্ডের আরশাদুর রহমান বলেন, বৃষ্টির পানি মনোহরখালী খালের আইস ফ্যাক্টরি সড়ক পর্যন্ত খালে আটকে আছে। কর্ণফুলী নদী খনন প্রকল্পের পরিচালক খাদেমুল বশর প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খালের মুখে দেওয়া বাঁধ খুলে দিতে বলেছি।’ তবে আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর দিদারুর রহমান গতকাল বিকেলে বলেন, ‘পরিস্থিতি এখনই খারাপ। বৃষ্টি হলে আরও খারাপ হবে। রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট ও আশপাশের এলাকাও ডুবে যেতে পারে। তাই বন্দর কর্তৃপক্ষের দিকে না তাকিয়ে স্থানীয় লোকজন নিয়ে নিজেরাই খালের মুখ খুলে দেব।’ তিনি বলেন, সিটি করপোরেশন পুরো শহরের খাল থেকে মাটি সরাচ্ছে আর বন্দর কর্তৃপক্ষ সেই খালের মুখ বন্ধ করে রাখছে।