খালের মুখ ভরাট, জলাবদ্ধতার আশঙ্কা
মানিকগঞ্জ পৌর এলাকার লওখণ্ড গ্রামে একটি সেতুসংলগ্ন খালের মুখ ভরাট করছেন স্থানীয় এক ব্যক্তি। এতে বর্ষা বা বন্যার পানি বের হতে না পেরে এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, পরিবেশ আইন অনুযায়ী পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে এভাবে খালের মুখ ভরাট করা নিষিদ্ধ। কারও ব্যক্তিগত জমি হলে খালের মুখ ভরাটের আগে সংশ্লিষ্ট অধিদপ্তর এবং প্রশাসনকে জানাতে হবে। কিন্তু লওখণ্ড গ্রামের ক্ষেত্রে তা করা হয়নি।
কৃষকেরা জানান, উঁচুটিয়া, পোড়রা ও লওখণ্ড গ্রামে কমপক্ষে দুই হাজার বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমির অধিকাংশই তিন ফসলি। বর্ষা মৌসুমে এসব জমি পানিতে তলিয়ে যায়। পরে সেই পানি লওখণ্ড সেতুসংলগ্ন খাল দিয়ে প্রবাহিত হয়ে শিববাড়ি এলাকায় অপর একটি খালে গিয়ে মেশে। কিন্তু এক সপ্তাহ ধরে সেতুসংলগ্ন খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। খালের অভিমুখে ওই জমি নিজের দাবি করে মজিবর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি তা ভরাট করছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওই সেতুসংলগ্ন খালটির অভিমুখে ট্রাকে করে মাটি এনে ভরাট করা হচ্ছে। এ ছাড়া পোড়রা-লওখণ্ড সড়কের পাশের নালার দুটি অংশ মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
আনোয়ার হোসেন, শরীফ উদ্দিন, কাজীমুদ্দিনসহ আরও কয়েকজন কৃষক জানান, বর্ষা মৌসুমে এসব এলাকার পানি সেতুসংলগ্ন খালে গিয়ে মেশে। ইতিমধ্যে নালার কয়েকটি অংশে ভরাট করা হয়েছে। এখন খালের অভিমুখ ভরাট করা হচ্ছে। এতে পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে চাষাবাদ ব্যাহত হয়ে চরম ক্ষতির মুখে পড়বেন তাঁরা।
যোগাযোগ করা হলে ভরাটকারী মজিবর রহমান বলেন, ‘আমাদের জমিতে আমরা মাটি ফেলছি। এতে জলাবদ্ধতার সৃষ্টি হলে কিছু করার নেই।’
খালের মুখ ভরাটের ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’