খালের মুখে বাঁধ কৃষকের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের চলাচলের সুবিধার জন্য খালে দুটি বাঁধ দিয়ে নির্মাণ করা হচ্ছে সেতু। আর সেই বাঁধের কারণে সেচ দিতে না পারায় সহস্রাধিক একর জমিতে এবার বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এমন ঘটনা ঘটেছে ভোলা সদর উপজেলায়। বাঁধ দুটি দ্রুত কেটে দেওয়ার দাবিতে ১২ জন সেচ ব্যবস্থাপক ১০ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন।ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ইলিশা রাস্তার মাথা খালের মুখে বাঁধ দিয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। ফলে উপজেলার পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের সহস্রাধিক একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে ইউএনও, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) স্থানীয় কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের সীমান্ত এলাকা রাস্তার মাথা খালের মুখে দুটি বাঁধ দিয়ে সেতু নির্মাণের কাজ চলছে। এ খাল থেকে দুটি শাখা খাল ভেতরে ঢুকে গেছে। এ দুই শাখা খাল থেকে সেচ পাম্পের মাধ্যমে বোরো মৌসুমে পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা ও সদুরচর এলাকা এবং পূর্ব ইলিশার গুপ্ত মুন্সি, চর ইলিশা, চরানন্দ ও নাদোর মিয়ার হাট এলাকায় ধানের আবাদ করা হয়। এ বছর মূল খালের মাথায় বাঁধ দেওয়ায় শাখা খাল দুটি শুকিয়ে গেছে। ফলে এখান থেকে সেচ দেওয়া যাচ্ছে না। এ কারণে পশ্চিম ইলিশা ও পূর্ব ইলিশা ইউনিয়নের সহস্রাধিক একর জমিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে।সেচ ব্যবস্থাপক সমিতির প্রধান মো. সামসুদ্দিন বলেন, ‘খালের মুখের বাঁধ কেটে দেওয়ার জন্য আমরা ইউএনও বরাবর ১০ জানুয়ারি আবেদন করেছি। কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না। প্রশাসন বাঁধ না কাটলে আমরা কৃষকদের নিয়ে বাঁধ কেটে দিতে বাধ্য হব। কারণ, এ বছর জমির মালিক প্রতি একর জমির লগ্নিমূল্য নিয়েছেন ১৫ থেকে ২০ হাজার টাকা। নগদ টাকা মালিককে দিয়ে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হতে চাইবে না।’এলজিইডির সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘গত নভেম্বর মাসে এ কাজের কার্যাদেশ হয়েছে। আশা করি, আগামী ১৫ ফেব্রুয়ারি সেতু নির্মাণের কাজ শেষ হবে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান জাকির ট্রেডার্সের মালিক মো. জাকির হোসেন জানান, তাঁরা কার্যাদেশ পাওয়ার পরই কাজ শুরু করেছেন। এখন দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছেন।ইউএনও মো. সেলিম ফকির বলেন, ‘আমরা এলজিইডিকে সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করতে বলেছি।’