খালের মুখে বাঁধ, জলাবদ্ধ ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধের মুখ বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বগুড়ার শেরপুরের মাগুড়াতাইর সোনাপাড়া গ্রামের ফসলি খেত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বাঁধের মুখ বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বগুড়ার শেরপুরের মাগুড়াতাইর সোনাপাড়া গ্রামের ফসলি খেত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার শেরপুরে দুধকোমর খালের ওপর স্লুইসগেট নির্মাণে মাটি ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে বাঙ্গালী নদীর সঙ্গে সংযোগ খালের মুখ। এতে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে প্রায় এক হাজার বিঘা ফসলি খেত। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে নয় গ্রামের মানুষ।
বগুড়ার শেরপুরসহ পাশের ধুনট, শাজাহানপুর উপজেলাসহ নয় গ্রামের কৃষকেরা প্রায় দুই মাস ধরে এ দুর্ভোগ পোহাচ্ছেন। গ্রামগুলো হলো শেরপুরের ঘোড়দৌড় নতুনপাড়া, ঘোড়দৌড় পুরাতনপাড়া, খোকসাগাড়ী, মাগুড়াতাইর সোনারপাড়া, পারভবানীপুর পূর্বপাড়ার গ্রামসহ পাশের শাজাহানপুর উপজেলার সাকাটিয়া, পলিবালাস, লক্ষ্মীপুর ও ধুনটের নতুন বিলচাপড়ী গ্রাম।
গতকাল রোববার ওই গ্রামগুলো ঘুরে দেখা গেছে, গ্রামের ফসলি খেতগুলো জলাবদ্ধ হয়ে রয়েছে। গ্রামের নিচু সড়কগুলোও পানিতে ডুবে আছে। বাঙ্গালী নদীর সংযোগ থাকা দুধকোমর খালের দুপাশে মুখে বাঁধ দিয়ে স্লুইসগেট নির্মাণ করে চলেছেন এ কাজে নিয়োজিত শ্রমিকেরা। নির্মাণেকাজে নিয়োজিত মো. বাবলার দাবি, ২০ থেকে ২৫ দিনের মধ্যে স্লুইসগেট নির্মাণের যে অংশে মাটির কাজ আছে, তা শেষ হবে। এরপর বাঁধের মুখ খুলে দেওয়া সম্ভব হবে।

ঘোড়দৌড় নতুনপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, বাঁধের মুখ বন্ধ করে রাখায় গ্রামের কৃষকেরা এই ভরা আমন চাষের মৌসুমে চারাও তৈরি করতে পারেননি। তাঁরা গ্রামের লোকজন নিয়ে উপজেলা কৃষি কার্যালয়ে গিয়ে এ অবস্থা জানিয়েছেন। লাভ হয়নি।

মাগুড়াতাইর গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ধান চাষই তাঁর পরিবারের আয়ের একমাত্র পথ। এবার চাষ করতে না পারলে তাঁর পরিবার অভাবে পড়ে যাবে।

খোকসাগাড়ী গ্রামের কৃষক খলিলুর রহমানের দাবি, স্লুইসগেট নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারের কাজের ধীরগতির কারণে ওই নয় গ্রামের প্রায় এক হাজার বিঘা জমিতে চলতি আমন মৌসুমে ধান চাষ করতে পারেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, বাঁধের মুখ ভরাট করা নিয়ে ওই গ্রামের কৃষকদের এ ধরনের কোনো সমস্যার কথা তিনি জানেন না। সংশ্লিষ্ট ইউনিয়নে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তাও তাঁকে জানাননি। তিনি বলেন, চলতি মৌসুমে আমন চাষ কৃষকেরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন।

গতকাল বিকেলে ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, ওই গ্রামগুলোর কৃষকদের আমন চাষ নিয়ে এ রকম সমস্যার কথা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে জানানো হয়নি। তিনি এই ঘটনা নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।