খালের স্থানে বড় নালা করতে চায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বাবুরাইল খাল দখলের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশের জবাব দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব নিরঞ্জন দেবনাথ পরিবেশ অধিদপ্তরের শুনানিতে হাজির হন। তাঁর সঙ্গে করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী শুনানি গ্রহণ করেন। শুনানিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট খালটি সিএস ও এসএ খতিয়ানে খাল হিসেবে রেকর্ডভুক্ত থাকলেও আরএস খতিয়ানে এটি নালা জমি হিসেবে রেকর্ডকৃত। তবে তাঁরা প্রতিশ্রুতি দেন, পরিবেশ আইন রক্ষা করেই সিটি করপোরেশন স্থাপনা নির্মাণ করবে। পানিপ্রবাহের জন্য বড় আকৃতির ড্রেন (নালা) নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জ পৌরসভার উপস্থাপিত রেকর্ড পরীক্ষা করে দেখা যায়, আরএস খতিয়ানে ভরাটকৃত স্থানটির পরিমাণ ২ দশমিক ০৯ একর, যা সিএস ও এসএ খতিয়ানে টানবাজার খাল নামে পরিচিত ছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন এবং জরুরি ভিত্তিতে সিটি করপোরেশনকে তাদের গৃহীত প্রকল্পের প্রাথমিক পরিবেশগত সমীক্ষা (আইইই) দাখিলের জন্য বলেন। মুনীর চৌধুরী বলেন, খালের পানিপ্রবাহ অক্ষুণ্ন রাখতে হবে। তা না হলে নারায়ণগঞ্জ শহরে বন্যা ও জলাবদ্ধতা দেখা দেবে এবং পরিণতিতে মারাত্মক পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করে পরিবেশ আইন মেনে চলতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। এদিকে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন না করে বেআইনিভাবে কারখানা পরিচালনা এবং হাঁড়িধোয়া খাল ও তৎসংলগ্ন ব্রহ্মপুত্র নদ দূষণের দায়ে নরসিংদী জেলার শিবপুরে দুটি ডাইং কারখানাকে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুনীর চৌধুরী গতকাল এনফোর্সমেন্ট অভিযানের আওতায় এ দণ্ড দেন। ইটিপি স্থাপন না করা পর্যন্ত বর্জ্য ফেলা বন্ধ এবং কারখানার উৎপাদন বন্ধের নোটিশ দিয়ে তিনি বলেন, এ আদেশ লঙ্ঘন করা হলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে। চৌধুরী নিটওয়্যার লি. ও গ্রিনবাংলা হোমটেক্স ইন্ডাস্ট্রি লি. নামের ওই দুটি কারখানা থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ ঘনমিটার দূষিত তরল বর্জ্য নির্গত হয়েছে, যা নদী ও খাল দূষিত করেছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী কারখানা দুটি লাল শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান, যা পরিবেশের জন্য বিপজ্জনক। কারখানার মালিক খাদেম মনিরুল আলম ও তানভীর চৌধুরী অঙ্গীকার করেছেন, তাঁরা আগামী দুই মাসের মধ্যে ইটিপি স্থাপন করে পরিবেশসম্মত ব্যবস্থাপনা চালু করবেন।