খালের স্লুইসগেট অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে খালে আমরা একসময় গোসল করতাম, হেই খাল এহন মশা-মাছির বাসা ও নর্দমায় পরিণত অইছে। খালের বাঁধ কাটতে যাইয়া উল্টা হয়রানির শিকার হইতে হইছে। আমরা খালে বাঁধ ও গেট চাই না। খালে পানির আসা-যাওয়া দেখতে চাই।’ এ দাবি বরিশালের রায়ের খালের পাশের বাসিন্দা কৃষক মো. এনায়েত হোসেন মোল্লার। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের সেলিব্রেশন পয়েন্টে বেসরকারি সংস্থা প্রান্তজন ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত ‘লাকুটিয়া রায়ের খাল: আমাদের কৃষি ও কৃষকের কান্না’ শীর্ষক কৃষক শুনানিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এনায়েত হোসেনের মতো অনেক কৃষক এ শুনানিতে অংশ নিয়ে একই দাবি জানান। কৃষকদের দাবি, লাকুটিয়া রায়ের খালের দুই তীরে প্রায় তিন হাজার কৃষক পরিবারকে বাঁচাতে খালে থাকা স্লুইসগেট ও বাঁধ অপসারণ করতে হবে। একই সঙ্গে বরিশালের মৃতপ্রায় খালগুলো সংস্কার ও সংরক্ষণ করতে হবে। কারণ নিচের অংশে ময়লা-আবর্জনা এবং ওপরের অংশে কচুরিপানা পড়ে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।কৃষক মো. জসিমউদ্দিন বলেন, ‘আমরা লাকুটিয়া রায়ের খালের ওপর নির্ভর করে জীবন ধারণ করতাম। বেশ কয়েক বছর ধরে খাল দখল এবং খালে পানির প্রবাহ না থাকায় অনেক কৃষক পেশা বদল করতে বাধ্য হয়েছেন।’ শুনানিতে বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন আহমেঞ্চদ, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম শাহজাদা, জ্যোতির্ময় চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, শুধু লাকুটিয়া রায়ের খাল নয়, বরিশালের সব খাল থেকে অবৈধ ও অপরিকল্পিত স্লুইসগেট অপসারণ করতে হবে।