পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৪টি সাপ্তাহিক হাটবাজার ইজারা দেওয়া হয়নি। উপজেলার ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) এই ইজারাবিহীন হাট থেকে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে খাস আদায় করছেন। এ ছাড়া নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসিয়েও খাস আদায় করা হচ্ছে।
এদিকে বাংলা বছরের দুই মাস পেরিয়ে গেলেও খাস আদায়ের টাকা সরকারি তহবিলে জমা হয়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি তদন্ত শুরু করেছেন।
উপজেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, গলাচিপা পৌরসভার বাইরে উপজেলায় মোট ৪৩টি সাপ্তাহিক হাট রয়েছে। গত ১ ফেব্রুয়ারি বাংলা ১৪২৪ সনের জন্য এসব হাটের ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয় এবং নিলামের মাধ্যমে ২৯টি হাট ইজারা দেওয়া হয়। সম্ভাব্য ইজারামূল্য না পাওয়ায় ১৪টি হাট ইজারাবিহীন রয়ে যায়। পয়লা বৈশাখ থেকে ইজারাবিহীন এসব হাট থেকে খাস আদায় কমিটির পক্ষে উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা খাস আদায় করলেও সরকারি তহবিলে ওই টাকা জমা হয়নি।
অপরদিকে উপজেলার পক্ষিয়া হাটের ইজারাদার জহিরুল ইসলাম খান জানান, তিনি এই বছরের জন্য পক্ষিয়া হাট ২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকায় ইজারা নিয়েছেন। তাঁর পার্শ্ববর্তী নলুয়াবাগী স্লুইসগেট হাটটি এ বছর ইজারা হয়নি। তারপরও সেখানে অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে। এতে করে তাঁর হাটের রাজস্ব আদায়ে ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে তিনি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে নলুয়াবাগী স্লুইসগেট হাটের সাবেক ইজারাদার মু. শাহ আলম অভিযোগ করেন, হাট নিলামের মাধ্যমে ইজারা না পাওয়া গেলে তিনবার নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। এ ছাড়া সরকারি তহবিলে সাপ্তাহিক ভিত্তিতে রাজস্ব জমা দেওয়ার বিধান থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে না।উপসহকারীভূমি কর্মকর্তার মাধ্যমে ইজারাবিহীন এই হাটগুলো থেকে নিয়মিত খাজনা আদায় করা হলেও সরকারি তহবিলে তা জমা হচ্ছে না।
জানতে চাইলে ইউএনওর কার্যালয়ের হাটবাজার শাখার অফিস সহকারী মো. ফারুক জানান, আসলে গরুর হাটের জন্য আলাদাভাবে ইজারা দেওয়ার নিয়ম রয়েছে। নলুয়াবাগী স্লুইসগেট হাটে গরু-ছাগলের হাট বসানো হয়েছে কি না, তা জানা নেই।
তবে খাস আদায়ের টাকা প্রতি সপ্তাহের পরিবর্তে সাধারণত উপসহকারী ভূমি কর্মকর্তারা দুই তিন মাস পরে সরকারি তহবিলে জমা দেন। খাস আদায়ের টাকা সরকারি তহবিলে জমা দেওয়ার জন্য নোটিশ করা হচ্ছে বলেও তিনি জানান।
উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা মংলা দোন বলেন, আসলে নলুয়াবাগী স্লুইসগেট হাটের খাস আদায়ের দায়িত্ব তাঁদের দেওয়া হয়নি। তাঁদের মাত্র দুটি হাটের খাজনা আদায়ের দায়িত্ব রয়েছে। এর মধ্যে একটি বিলুপ্ত হাট রয়েছে। অন্য ইজারাবিহীন হাট থেকে কীভাবে খাজনা আদায় হচ্ছে, তা তাঁদের জানা নেই বলে জানান তিনি।