খাস আদায়ের নামে শুভংকরের ফাঁকি
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালাহাট চলতি বাংলা সালে ইজারা হয়নি। প্রশাসনের উদ্যোগে খাস আদায় (সরাসরি সরকারি প্রতিনিধি পাঠিয়ে খাজনা আদায়) করা হচ্ছে। কিন্তু খাস আদায়ের নামে চলছে শুভংকরের ফাঁকি।নিয়মানুযায়ী প্রতি হাটবার ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার নিজে গিয়ে টোল আদায় বা প্রতি হাটবার ইজারা দিয়ে খাস আদায় করার কথা। কিন্তু বিয়ালাহাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি হাটবারে নয়, এক মাসে একবার এ হাট ইজারা দিয়ে এখন খাস আদায় করছে প্রশাসন। এভাবে মাসে একবার হাট ইজারা দেওয়ায় খাস আদায় কম হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন। গত কয়েক মাসে এ হাটে খাস আদায়ের পরিমাণও ছিল হতাশাব্যঞ্জক।ইউনিয়ন ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত ভাদ্র ও আশ্বিন—এই দুই মাসে খাস আদায় দেখানো হয়েছে মাত্র ১৩ হাজার টাকা। কার্তিক মাসে আদায় দেখানো হয়েছে ৩৫ হাজার টাকা। অগ্রহায়ণে খাস আদায় দেখানো হয়েছে ৭২ হাজার ৫০০ টাকা। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, প্রতি মাসে ৭২ হাজার টাকা ইজারা-মূল্যের হাট প্রথম কয়েক মাস কীভাবে মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছিল, সেটা তহশিলদারই ভালো বলতে পারবেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এ হাটে প্রায় ১০০টি স্থায়ী দোকান রয়েছে। অথচ একজনেরও চান্দিনা ভিটিতে একসনা বন্দোবস্ত নেই। হাটে তোহা বাজারের জায়গা নেই। তাই হাটসংলগ্ন বিদ্যালয় মাঠে সপ্তাহে দুই দিন কাঁচা পণ্যের হাট বসে।ব্যবসায়ীরা জানান, প্রতি মাসে একবার তহশিলদার এসে হাট ডাক দেন। আর ডেকে নিয়ে ইজারাদার রীতিমতো হাটের মালিক বনে যান। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছামতো টোল আদায় করেন। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাটের দিনে টোল আদায় করার কথা থাকলেও প্রতিদিনই টোল আদায় করা হচ্ছে।হাটের কামার সুদেব কর্মকার জানান, কয়েক মাস আগেও দোকানপ্রতি পাঁচ টাকা হারে প্রতিদিন টোল আদায় করা হতো। এখন নেওয়া হচ্ছে ১০ টাকা।দর্জি দোকানি রেজাউল ইসলাম অভিযোগ করেন, এ হাটে টোল আদায়ের হার উল্লেখ করে কোনো তালিকা টাঙানো হয়নি। তাই ইজারাদার ইচ্ছামতো টোল আদায় করছেন।আবদুল বারিক নামের এক ইজারাদার দাবি করেন, তোহা বাজার থেকে খুব একটা টোল আদায় হয় না। এ জন্য স্থায়ী দোকান থেকে ১০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। এ হারে টোল আদায় করেও ইজারার টাকা তোলা যাচ্ছে না।মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার জানান, খাস আদায়ের নিয়মানুযায়ী প্রতি হাটবার ডাক হওয়ার কথা। কিন্তু এ হাটে সেভাবে ডাক হয় না।মাত্রাই ইউনিয়নের তহশিলদার মোখলেছার রহমান প্রথম আলোকে বলেন, প্রতি হাটবার ইজারা দেওয়ার নিয়ম থাকলেও উপজেলা খাস আদায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিকভিত্তিতে হাট ইজারা দিয়ে খাস আদায় করা হচ্ছে। ইজারামূল্য যতই কম-বেশি হোক, সরকার-নির্ধারিত হারের চেয়ে কেউ বেশি টোল আদায় করতে পারবেন না।