খাস জমি থেকে গাছ কেটে নেওয়ার সত্যতা পেল তদন্ত কামিটি
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাজার উন্নয়নের নামে সরকারি খাস জমি থেকে দেড় শতাধিক গাছ কেটে নেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বুধবার তদন্ত কমিটির সদস্য উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী মাহবুবুর রহমান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা কনক কান্তি কর সৈয়দ মো. ইছহাক আলী শাহ (র.) মাজার এলাকায় গিয়ে ১৫৮টি গাছ কর্তনের সত্যতা পান। উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুল মছব্বিরের নেতৃত্বে সরকারি খাস জমি থেকে দেড় কোটি টাকা মূল্যের দুই শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোতে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার মূল হোতাকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ব্যাপারে ঘিলাছড়া ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) কনক কান্তি কর বলেন, ‘আমরা সরেজমিনে ১৫৮টি গাছ কর্তনের সত্যতা পেয়েছি।’