খাস জমি থেকে যুবলীগ নেতার স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় সরকারি খাস জমি থেকে স্থানীয় যুবলীগ নেতার নির্মাণ করা আধা পাকা ভবন ও আটটি টিনের ঘর (দোকান) আজ রোববার উচ্ছেদ করেছে প্রশাসন। ১৫ শতক জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

যুবলীগের ওই নেতার নাম মুরাদ হোসেন ওরফে বিকুল মিয়া। তিনি নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি। মুরাদ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নগরকান্দা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
নগরকান্দা পৌর কার্যালয় সংলগ্ন ওই খাস জমিতে আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ।
সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নগরকান্দা পৌরসভার অস্থায়ী কার্যালয়ের পাশে ১৫৪ নম্বর নগরকান্দা মৌজার ৪০৮ দাগের ওই খাস জমিতে স্থাপনাগুলি নির্মাণ করেছিলেন মুরাদ। জমির আট শতক জায়গা জুড়ে তিনি আধা পাকা ভবন নির্মাণ করে কার্যালয় ও বসতবাড়ি গড়ে তোলেন। বাকি সাত শতক জমিতে টিন দিয়ে আটটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেন।
নগরকান্দা সহকারী ভূমি কার্যালয়ের সার্ভেয়ার গোলাম মোরশেদ জানান, সকাল ১০টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হলে মুরাদ গিয়ে বাধা দেন। এ কারণে নগরকান্দা থানার পুলিশ যুবলীগ নেতা মুরাদকে আটক করে। পরে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়। তিনি বলেন, এই খাসজমি থেকে সরে যেতে মুরাদ হোসেনকে এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল।
তবে যুবলীগ নেতা মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই জমির মালিক তিনি নিজে। ওই জমি কখনো সরকারি খাস বা পানি উন্নয়ন বোর্ডের ছিল না। তিনি বলেন, ‘এ জমি নিয়ে সরকারের সঙ্গে আমার একটি মামলা (২০/১৪) ফরিদপুর জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন। এ অবস্থায় প্রশাসন অন্যায়ভাবে আমার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, আটক মুরাদ হোসেনের বিরুদ্ধে ১৯৭০ সালের উচ্ছেদ আইনের সাত ধারা অনুযায়ী জেল জরিমানা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতকে সহযোগিতা না করায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।