খাস জমি নিয়ে যুবলীগ নেতার ইজারা-বাণিজ্য
সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সস্তার বাজারের জায়গা ইজারা দেওয়ার ব্যবস্থা করছেন স্থানীয় যুবলীগের নেতা ও হাট কমিটির সাধারণ সম্পাদক সবুজ মিয়া। ৫০ বর্গফুটের একটি জায়গা ইজারা পাইয়ে দিয়ে তিনি হাতিয়ে নিচ্ছেন ১০ হাজার টাকা। অথচ সরকারি কোষাগারে জমা হচ্ছে মাত্র এক হাজার টাকা।ইজারায় এক বছরের চুক্তি থাকলেও দোকানদারেরা বাজারের খোলা জায়গায় পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। যেখানে মাত্র কয়েক দিন আগেও ক্ষুদ্র ব্যবসায়ীরা মাটিতে বস্তা পেতে মালামাল সাজিয়ে বিক্রি করতেন, সেখানে গড়ে উঠছে পাকা দোকান। এতে খোলাবাজারের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সস্তার বাজারে ব্যক্তিমালিকানাধীন জায়গায় দুই শতাধিক পাকা দোকান ও খাসজমি রয়েছে। খাসজমিতে প্রতি শুক্র ও সোমবার খোলাবাজার বসে। ক্ষুদ্র দোকানিরা সেখানে মালামাল কেনাবেচা করেন। বাজারের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে বাজার কমিটির সাধারণ সম্পাদক, লাটিমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া খোলা জায়গা ইজারা দেওয়ার ঘোষণা দেন। এ জন্য তাঁকে ১০ হাজার করে টাকা জমা দিতে বলা হয়।ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি দলের প্রভাব কাজে লাগিয়ে সবুজ মিয়া স্থানীয় ভূমি কার্যালয়ে তদ্বির করে ইতিমধ্যে চারটি জায়গা ইজারা অনুমোদন করে এনেছেন। যে স্থানের ইজারার ব্যবস্থা করেছেন, সেখানে মাছবিক্রেতারা বসতেন। এরই মধ্যে সেখানে পাকা ঘর তৈরি শুরু হয়েছে। কাঁচা তরকারি বিক্রির জায়গা ইজারার জন্য আবেদন করা হয়েছে। বাজারে গিয়ে দেখা যায়, শরিফুল ইসলাম, সাধন ঘোষ, আতিয়ার রহমান ও আলাউদ্দিন পাকা ঘর তুলছেন। শরিফুল ইসলাম জানান, বাজার কমিটি এই ইজারার ব্যবস্থা করে দিয়েছে। এ জন্য তাঁদের ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, পাকা ঘর করতে কোনো সমস্যা নেই। আরেক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, ১০ হাজার টাকা বাজার কমিটির নেতা সবুজ মিয়ার হাতে দিয়েছেন, তিনিই এই ইজারার ব্যবস্থা করেছেন।বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, আরও যে খালি জায়গা আছে, তা ইজারার পাঁয়তারা চলছে। আরও ১০-১২টি আবেদন জমা পড়েছে। এভাবে চলতে থাকলে বাজারের খোলা জায়গা শেষ হয়ে যাবে। এমনকি বাজারে চলাফেরা করার জায়গাও থাকবে না।এ ব্যাপারে সবুজ মিয়া জানান, টাকা-পয়সার বিষয়ে তিনি কিছু জানেন না। ব্যবসায়ীদের স্বার্থে ইজারা পাওয়ার বিষয়ে সহযোগিতা করছেন মাত্র। তিনি আরও বলেন, এভাবে দোকানগুলো পাকা হলে বাজারের শ্রীবৃদ্ধি ঘটবে। আরও যাঁরা আবেদন করেছেন, তাঁদের বিষয়েও তিনি চেষ্টা করছেন বলে জানান। বাজার কমিটির সভাপতি শরিফুল ইসলাম জানান, বিষয়টি কমিটির পক্ষ থেকে হচ্ছে না। কেউ এর সঙ্গে জড়িত থাকলে সেটা নিজ দায়িত্বে করছেন।স্থানীয় ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা রমেশ চন্দ্র জানান, পেরিফেরিভুক্ত জমি বছর চুক্তিতে ইজারা দেওয়া যায়। সস্তার বাজারের এই জমিও সেভাবে দেওয়া হয়েছে। তবে এখানে কোনো পাকা ঘর করা যাবে না। কেউ সেটা করলে বেআইনি। তিনি আরও জানান, এই ইজারার জন্য প্রতি বর্গফুট ২০ টাকা হারে সর্বোচ্চ ৫০ বর্গফুট এক হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি টাকা নিয়ে থাকলে সেটা তাঁরা জানেন না।