খাস জায়গা ভরাট আট মাসেও বালু সরানো হয়নি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খাস জায়গায় ভরাট করা বালু আট মাসেও সরিয়ে নেয়নি দখলদারেরা৷
সলিমগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে জানা গেছে, সলিমগঞ্জ বাজারসংলগ্ন বাড়াইল মৌজায় দুই-তিন বিঘা সরকারি খাসজমি বালু দিয়ে ভরাট করেন বাড়াইল গ্রামের মো. রুহুল আমিন, মো. নুরুল আমিন, রমেশ চন্দ্র দাস এবং নিলখীর আলী আহাম্মদ সরকার।
এরপর এ ব্যাপারে ব্যবস্থা নিতে ওই ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি চিঠি দেন। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি নবীনগর উপজেলা সহকারী কমিশনার মো. আবুল কালাম সাত দিনের মধ্যে ওই জমি থেকে বালু সরিয়ে নিতে দখলদারদের চিঠি দেন। দখলদারেরা এখনো পর্যন্ত ওই নির্দেশ পালন করেননি৷
সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল কালাম বলেন, ‘দখলদারদের সরকারি জায়গা থেকে বালু সরিয়ে নিতে বলেছি৷ তবে সর্বশেষ অবস্থা কী তা আমার জানা নাই।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী বলেন, এই বিষয়টি তাঁর জানা নেই৷ সহকারী কমিশনারের কাছ থেকে বিষয়টি জেনে তিনি ব্যবস্থা নেবেন৷